বছরখানেক পরে আসছে অ্যাপলের এআর হেডসেট
ডব্লিউডব্লিউডিসি ২০২১-এ আইওএস ১৫ এবং ফেসটাইমে বড় ধরণের পরিবর্তন আনার পাশাপাশি অ্যাপল অনেক কিছু ঘোষণা করেছে। এবছর নতুন কোনো হার্ডওয়্যারের সাথে প্রযুক্তিবিশ্বকে পরিচয় করানো হয়নি, তবে আগামী বছরের ডব্লিউডব্লিউডিসি ২০২২ এ সেটির পরিবর্তন দেখা যেতে পারে।
নির্ভরযোগ্য বিশ্লেষক মিং-ছি কুউ জানিয়েছেন, আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথম অগমেন্টেড রিয়েলিটি (এআর) হেডসেট উন্মোচনের পরিকল্পনা করছে অ্যাপল। ২০১৪ সালে অ্যাপল ওয়াচ উন্মোচনের পর এটি হবে অন্যতম প্রধান পণ্য ক্যাটেগরিতে অ্যাপলের প্রথম অংশগ্রহণ।
তবে দ্বিতীয় প্রান্তিকে ঘোষণার পরপরই হেডসেটটি বাজারে চলে আসবে এমনটি নয়। অ্যাপল সাধারণত কোনো নতুন পণ্যের ঘোষণা ও বাজারে উন্মুক্ত করার মধ্যে বেশ কয়েক মাস অপেক্ষা করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ২০১৪ সালে সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ উন্মোচন করা হলেও সেটি পরবর্তী বছরের মে মাসে বাজারে ছাড়া হয়। ২০১৭ সালের ডব্লিউডব্লিউডিসিতে আইম্যাক প্রোর ঘোষণা দিয়ে পরবর্তী ডিসেম্বরে সেটি উন্মুক্ত করা হয়।
এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক মাস পর ফিজিক্যাল ইভেন্টের মাধ্যমে হেডসেটটির ঘোষণা দিতে পারে অ্যাপল।
অ্যাপলের প্রথম হেডসেটটির ফিচার ও স্পেসিফিকেশন কী হবে সেটি এখনও অজানা। তবে শোনা যাচ্ছে, এতে ডুয়াল ফোরকে ডিসপ্লে, অত্যাধুনিক আই ট্র্যাকিং, আঙ্গুলের পরিধানযোগ্য কন্ট্রোলার সুবিধা থাকতে পারে।
ডিবিটেক/বিএমটি